ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের পরাজয়কে ‘সাজানো’ আখ্যা দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে ১১ দলীয় জোটের নেতৃত্বে থাকা দলটি নির্বাচন প্রক্রিয়া ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।
পোস্টে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে অংশ নেওয়া ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেও নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে জামায়াত। দলটির দাবি, ফল প্রস্তুত ও ঘোষণার ধরন তাদের কাছে পরিষ্কার নয় এবং অনেক আসনে অল্প ভোটের ব্যবধানে ‘রহস্যজনকভাবে’ তাদের প্রার্থীরা পরাজিত হয়েছেন।
জামায়াতের ভাষ্য অনুযায়ী, ফলাফলে বারবার গরমিল ও ‘সাজানো চিত্র’ দেখা গেছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে তাদের ধারণা। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয় পোস্টে।
জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা না দেওয়া পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে একটি ‘মানবিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ন্যায়ের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দলটি।
জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় অনুষ্ঠিত এ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। আওয়ামী লীগবিহীন এ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয় পেয়ে প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরছে দলটি। অন্যদিকে দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামী এবার প্রত্যাশিত ফল পায়নি।



