জনগণ আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে: নজরুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপির হাতে তুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ফলাফল ঘোষণা সমাপ্তির পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান জানান, রাতভর ফলাফল পর্যবেক্ষণ করেছেন দলের নেতাকর্মীরা। তাঁর ভাষ্য অনুযায়ী, দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং জোটসঙ্গীদের অনেক প্রার্থীও জয়লাভ করেছেন। এর মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছেন, বলেন তিনি।
নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টির প্রশ্নে তিনি বলেন, অতীতের বহু নির্বাচনে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এবার সে ধরনের সহিংসতা না হওয়াকে তিনি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তবে দীর্ঘদিন ভোটাধিকার চর্চা না থাকার কারণে মানুষের মধ্যে যে অনাগ্রহ তৈরি হয়েছিল, তা পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি বলেও স্বীকার করেন তিনি। ভবিষ্যতে ভোটারদের আরও উৎসাহিত করার আশা প্রকাশ করেন এই নেতা।
চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আপিল বিভাগের আদেশে স্থগিত থাকার বিষয়ে তিনি বলেন, আদালত সিদ্ধান্ত দিলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে। তবে ওই কয়েকটি আসনের ফলাফল ছাড়াও সরকার গঠনে বিএনপির কোনো বাধা হবে না বলে দাবি করেন তিনি।
দলীয় প্রত্যাশা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছিল এবং স্বাভাবিকভাবেই প্রত্যেক প্রার্থীই বিজয়ের আশায় নির্বাচনে অংশ নিয়েছেন। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।



