বিজয় মিছিল নয়, সারা দেশে দোয়া কর্মসূচি বিএনপির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর দেশজুড়ে আনন্দ ও স্বস্তির পরিবেশ বিরাজ করছে। তবে দলটির পক্ষ থেকে নেতাকর্মীদের আনন্দ মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত আড়াইটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপুলসংখ্যক আসনে বিজয় অর্জনের জন্য বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমআ ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এতে ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর প্রতি শুভ কামনা করা হবে।
তবে উল্লেখ করা হয়, বিজয়ের আনন্দে কোনো মিছিল বা সভা আয়োজন করা যাবে না। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দোয়া মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্যও আহ্বান জানানো হয়েছে।



