Logo
Logo
×

রাজনীতি

ভোটেই রুখে দেওয়া সম্ভব যেকোনো ষড়যন্ত্র: তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম

ভোটেই রুখে দেওয়া সম্ভব যেকোনো ষড়যন্ত্র: তারেক রহমান

দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যেকোনো ‘ষড়যন্ত্র’ রুখে দিতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে ভোট দিয়ে তিনি নির্বাচনে বিএনপির জয়ের ব্যাপারেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সকাল ৯টা ৩৫ মিনিটে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন তিনি। ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে এলে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা তাকে ঘিরে ধরেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান।

তিনি বলেন, আমি এইমাত্র আমার সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার প্রয়োগ করে এসেছি। বিগত এক যুগেরও বেশি সময় বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী, বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।

দলের জয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ইনশাল্লাহ আশাবাদী, দৃঢ়ভাবে আশাবাদী।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের মানুষ আজ সারাদিনে বের হয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।

বিজয়ী হলে বিএনপির অগ্রাধিকার কী হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। মানুষ যাতে নিরাপদ বোধ করে, সমগ্র দেশের সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে—এটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই জনসংখ্যাকে পেছনে রেখে আমরা এগোতে পারব না। তিনি জানান, ইশতেহারে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সরকার গঠন সম্ভব হলে প্রথম দিন থেকেই সে বিষয়ে কাজ শুরু করা হবে।

ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সারা দেশের পরিস্থিতি সম্পর্কে এখনো পূর্ণাঙ্গ তথ্য পাননি। তবে আগের রাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে দমন করেছে। আমি ভোর রাত পর্যন্ত বিভিন্ন টিভি চ্যানেলে খবর দেখেছি, যোগ করেন তিনি।

তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী। একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন