সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানালেন সারজিস আলম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য নির্বাচনী জোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম বলেছেন, তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চান। প্রশাসন যদি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে, তাহলে তাদের কোনো অভিযোগ থাকবে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় তিনি বাবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
সারজিস আলম জানান, উৎসবমুখর পরিবেশে তিনি ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দিয়েছেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তিনি বলেন, অভ্যুত্থানের পর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা তৈরি হয়েছে, তার প্রতিফলন ঘটবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। প্রতিটি কেন্দ্রে স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, বিগত কয়েক দিনে বিএনপির কিছু নেতাকর্মী ভোটারদের বাধা দেওয়া ও হুমকি দেওয়ার চেষ্টা করেছেন। তবে নির্বাচনের দিনে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সারজিস আলম বলেন, “আমরা কারও বিরুদ্ধে অভিযোগ করার জন্য নির্বাচনে আসিনি। আমরা চাই এমন পরিবেশ থাকুক, যাতে অভিযোগ করার প্রয়োজন না হয়। তবে কোথাও পেশিশক্তির প্রয়োগ বা ফলাফল প্রভাবিত করার চেষ্টা হলে প্রথমে প্রশাসনের ওপর আস্থা রাখব, তারা ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব।”
তিনি আরও বলেন, পঞ্চগড়-১ আসনের ১৫৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলে জনগণের রায় মেনে নিতে তারা প্রস্তুত। তার দাবি, গত দেড় বছরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বিবেচনা করেই এবার ভোটাররা সিদ্ধান্ত নেবেন।
সারজিস আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, পঞ্চগড়-১ আসনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সব রাজনৈতিক দল সহনশীল আচরণ করলে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে তারা বিজয়ী হবেন।



