Logo
Logo
×

রাজনীতি

ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তুললেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ এএম

ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তুললেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ

ছবি : সংগৃহীত

ঢাকা-১৩ আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ অভিযোগ করেছেন, বিভিন্ন ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকার সঙ্গে তাদের পোলিং এজেন্টদের তালিকার মিল পাওয়া যাচ্ছে না। এর ফলে অনেক ভোটার নাম খুঁজে না পেয়ে কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

ববি হাজ্জাজ বলেন, নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেজ থেকে পাওয়া ভোটার তথ্যের সঙ্গে কেন্দ্রের পোলিং অফিসারদের খাতার মিল নেই। এমনকি পোলিং এজেন্টদের কাছে থাকা প্রিন্টকৃত তালিকার সঙ্গেও অমিল দেখা যাচ্ছে। এতে ভোটাররা চরম ভোগান্তিতে পড়ছেন।

তিনি জানান, এর আগে সাতটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং প্রায় প্রতিটি কেন্দ্রেই এক বা একাধিক ক্ষেত্রে এমন অসঙ্গতি পেয়েছেন। এক কেন্দ্রে দীর্ঘ সময় রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে নাম, জন্মতারিখ ও ঠিকানা দিয়ে পুনরায় খুঁজে ভোটারের নাম পাওয়া গেছে। তবে অনেক ভোটার অপেক্ষা না করে ফিরে গেছেন।

এ পরিস্থিতিকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ভোটার তালিকার এই গরমিল নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি রিটার্নিং কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন, যেখানে তালিকায় অমিল দেখা যাবে সেখানে যেন প্রিসাইডিং অফিসাররা সময় নিয়ে ভোটারকে সহায়তা করেন।

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ববি হাজ্জাজ বলেন, গত রাতে কয়েকটি কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলেও আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনী তা দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। তিনি তদন্তের দাবি জানান কারা এ চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে ফল মেনে নেওয়াই গণতান্ত্রিক দায়িত্ব। তবে ভোটার ডেটাবেজের গরমিল নিয়ে তারা শঙ্কিত এবং দ্রুত সমাধান চান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন