Logo
Logo
×

রাজনীতি

ভোটের তিন দিন আগে ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মান্না

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

ভোটের তিন দিন আগে ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মান্না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে মান্না জানান, তিনি বর্তমানে বগুড়ায় অবস্থান করছেন। একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ আসনটি অত্যন্ত বড় এবং ব্যয়বহুল হওয়ায় সেখানে নির্বাচন করা তার পক্ষে সম্ভব নয়।

তিনি লেখেন, ঢাকা-১৮ আসনে সাড়ে সাতটি থানা অন্তর্ভুক্ত এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে। নির্বাচনী ব্যয় এত বেশি যে তা নির্বাহ করা তার সামর্থ্যের বাইরে। এ কারণে তিনি ঢাকা-১৮ আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে যারা কষ্ট পেতে পারেন, তাদের কাছে তিনি দুঃখপ্রকাশও করেন।

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে শুরু থেকেই মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ছিল। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, কুড়িল, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকেও নির্বাচনে লড়ছেন। শুরুতে ঋণখেলাপির অভিযোগে সেখানে তার প্রার্থিতা বাতিল হলেও পরে নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। এ আসনে প্রথমে বিএনপি তাকে সমর্থনের ঘোষণা দিলেও পরবর্তীতে দলীয় প্রার্থী হিসেবে মীর শাহে আলমকে মনোনয়ন দেয়। বগুড়া-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন