তারেক রহমান–খালিদুজ্জামানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এই আসনের ৩৫ শতাংশ ভোটার তারেক রহমানকে ভোট দিতে আগ্রহী, আর ৩২ শতাংশ ভোট দিতে চান জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও এডভোকেসি সংস্থা ‘সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ পরিচালিত চারটি গুরুত্বপূর্ণ আসনের জরিপে এসব তথ্য উঠে এসেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করেন সংগঠনটির প্রেসিডেন্ট ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমদ। এ সময় ঢাকা-১৭ ছাড়াও ঢাকা-১৫, ঢাকা-১৩ ও ঢাকা-১১ আসনের তথ্য তুলে ধরা হয়।
ড. শিব্বির আহমদ জানান, ঢাকা-১৭ আসনে মোট ৫১৫ জন ভোটারের ওপর জরিপ পরিচালনা করা হয়, যার মধ্যে ৫২.২ শতাংশ পুরুষ এবং ৪৭.৮ শতাংশ নারী। জরিপে অংশগ্রহণকারীদের ৩৫ শতাংশ তারেক রহমানকে এবং ৩২ শতাংশ ডা. এসএম খালিদুজ্জামানকে ভোট দেওয়ার কথা জানান। অন্যদিকে ৩.৭ শতাংশ অন্যান্য প্রার্থীকে ভোট দেবেন বলে জানিয়েছেন। তবে ১৫ শতাংশ ভোটার মত প্রকাশে অনিচ্ছুক এবং ১০ শতাংশ এখনো সিদ্ধান্তহীন। অর্থাৎ প্রায় ২৫ শতাংশ ভোটার এখনও ‘আনডিসাইডেড’। এ ছাড়া ৩.৫ শতাংশ ভোট না দেওয়ার কথা জানিয়েছেন।
লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পুরুষ ভোটারদের মধ্যে বিএনপি প্রার্থীর প্রতি সমর্থন বেশি—৩৯ শতাংশ, যেখানে নারীদের মধ্যে তা ৩০.৫ শতাংশ। জামায়াত প্রার্থীর ক্ষেত্রে পুরুষদের সমর্থন ৩৬.৪ শতাংশ এবং নারীদের মধ্যে ২৭.২ শতাংশ। নারীদের মধ্যে সিদ্ধান্তহীন ও মত প্রকাশে অনিচ্ছুক ভোটারের হার তুলনামূলক বেশি—৩১.৮ শতাংশ।
বয়সভিত্তিক জরিপে সব বয়সী ভোটারদের মধ্যেই বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন। বিশেষ করে ৫৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ৪৭ শতাংশ তারেক রহমানকে ভোট দিতে চান। অন্যদিকে জামায়াত প্রার্থীর প্রতি সবচেয়ে বেশি সমর্থন দেখা গেছে ২৬–৩৫ এবং ৪৬–৫৫ বছর বয়সী ভোটারদের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিশ্লেষণে দেখা যায়, যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাদের মধ্যে ৪৩ শতাংশ বিএনপিকে এবং ২৪ শতাংশ জামায়াতকে সমর্থন করেন। উচ্চশিক্ষিত ভোটারদের মধ্যে দুই দলের সমর্থন প্রায় সমান—৩১ শতাংশ করে। এইচএসসি বা সমমান শিক্ষিতদের মধ্যে জামায়াত প্রার্থীর সমর্থন তুলনামূলক বেশি—৩৯ শতাংশ, যেখানে বিএনপির সমর্থন ২৯ শতাংশ।
পেশাভিত্তিক জরিপে দেখা গেছে, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে বিএনপি প্রার্থীর সমর্থন বেশি। প্রাইভেট চাকরিজীবী ও গৃহিণীদের মধ্যে জামায়াত প্রার্থীর সমর্থন সামান্য এগিয়ে।
‘এই আসনে কে জিততে পারেন’—এমন প্রশ্নে ৪৬.৪ শতাংশ উত্তরদাতা মনে করেন তারেক রহমান বিজয়ী হবেন। বিপরীতে ২৭.৪ শতাংশের ধারণা, ডা. এসএম খালিদুজ্জামান জয়ী হতে পারেন। এ ক্ষেত্রে পুরুষদের মধ্যে বিএনপি প্রার্থীর পক্ষে ধারণা বেশি (৫১.৩ শতাংশ), নারীদের মধ্যে তা ৪১.১ শতাংশ।
সামগ্রিকভাবে জরিপের ফলাফল বলছে, ঢাকা-১৭ আসনে দুই প্রধান প্রার্থীর মধ্যে লড়াই অত্যন্ত কাছাকাছি এবং সিদ্ধান্তহীন ভোটাররাই শেষ পর্যন্ত ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।



