উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফার নির্বাচনী সমাবেশে অংশ নিতে উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও, দুপুর দেড়টায় নীলফামারী এবং বিকেল আড়াইটায় দিনাজপুরের বিরানপুরে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। হেলিকপ্টারে করে এসব স্থানে সফর করবেন বিএনপি চেয়ারম্যান।
এর আগে প্রথম দফার নির্বাচনী সমাবেশ শুরু হয় ২৯ জানুয়ারি। সেদিন রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় জনসভা করেন তারেক রহমান। পরদিন ৩০ জানুয়ারি রংপুরে এবং ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেন তিনি।
২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে প্রচারণা চালান তিনি। ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড থেকে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে জনসভা করেন। ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে গাজীপুর ও ঢাকার উত্তরায় সমাবেশের মাধ্যমে প্রথম দফার প্রচারণা শেষ হয়।
গত ২ ফেব্রুয়ারি বরিশাল ও ফরিদপুরে জনসভায় অংশ নিয়ে ঢাকা-সারাদেশ সফরের কার্যক্রমে যুক্ত হন তারেক রহমান।
এ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন সারাদেশে মোট ২৪টি নির্বাচনী জনসভা সম্পন্ন করেছেন। এছাড়া নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর কড়াইল ও বনানী এলাকায় দুটি জনসভায় বক্তব্য দিয়েছেন তিনি।



