শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।
রিজভী জানান, শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায় বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, “দেশ ও গণতন্ত্রের জন্য জনগণ এবার ধানের শীষে ভোট দেবে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের আবেগের প্রতিফলন। সেই আবেগ নিয়েই জনগণ ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।”
শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে রিজভী আরও বলেন, ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই বিএনপির আশা।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।



