জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, আইন অনুযায়ী এ আসনে পরবর্তী সময়ে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নুরুজ্জামান বাদল মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ময়মনসিংহে নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত বা বাতিল করতে হয়।
আইন অনুযায়ী, এ ক্ষেত্রে মৃত প্রার্থীকে নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত হতে হয়। প্রার্থীর মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিতের ঘোষণা দেবেন এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন নতুন তফসিল নির্ধারণ করবে।
তবে আইনে কিছু ব্যতিক্রমের কথাও বলা হয়েছে। যদি কোনো প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার আগেই মারা যান অথবা একই আসনে সংশ্লিষ্ট দলের বিকল্প কোনো বৈধ প্রার্থী থাকেন, সে ক্ষেত্রে নির্বাচন স্থগিতের প্রয়োজন পড়ে না।



