Logo
Logo
×

রাজনীতি

ফরিদপুরের প্রথমবারের মতো জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম

ফরিদপুরের প্রথমবারের মতো জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন তিনি শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

ফরিদপুরে এটিই তারেক রহমানের প্রথম কোনো জনসভা, যেখানে তিনি বক্তব্য দেবেন। এর আগে ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে তারেক রহমান ঘণ্টাখানেক সময়ের জন্য ফরিদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি দিয়েছিলেন।

ফরিদপুর জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ফরিদপুরে তারেক রহমানের প্রথম জনসভা উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলো। সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের দক্ষিণ দিকে মাঝামাঝি জায়গায় ৭০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ এবং ৭ ফুট উচ্চতা বিশিষ্ট মঞ্চ নির্মাণের কাজ চলছে। জেলা বিএনপির নেতৃবৃন্দ সার্বক্ষণিক এ কাজের তদারকি করছেন।

মাঠটি ব্যবহার করার জন্য কলেজ কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানানো হয়েছে। নির্বাচনি জনসভা আয়োজন করার অনুমতি চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সুপারের নিকট আবেদন করা হয়েছে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা— শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার নেতৃবৃন্দ এ সমাবেশে যোগদান করবেন। এ সভায় এ অঞ্চলের ১৫টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া বলেন, আমরা আশা করছি এ নির্বাচনি সভায় অন্তত পাঁচ লাখ মানুষের সমাগম ঘটবে। মাননীয় চেয়ারম্যান ওই দিন বরিশাল থেকে হেলিকপ্টারে ফরিদপুর আসবেন। দুপুর ১২টার দিকে তিনি ফরিদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। ফরিদপুরের কর্মসূচি শেষ করে তিনি হেলিকপ্টারে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন