Logo
Logo
×

রাজনীতি

শফিকুর রহমানের এক্স পোস্ট, সাইবার হামলা চালানো হয়েছে জানিয়ে জামায়াতের বিবৃতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম

শফিকুর রহমানের এক্স পোস্ট, সাইবার হামলা চালানো হয়েছে জানিয়ে জামায়াতের বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স পোস্ট নিয়ে বিবৃতি দিয়েছে দলটি। জামায়াত বলেছে, সম্প্রতি দলীয় আমির শফিকুর রহমানের অফিশিয়াল এক্স হ্যান্ডলসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম এ তথ্য নিশ্চিত করেছে বলে দলের পক্ষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়। রোববার (১ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি আকারে বিবৃতিটি দেয় জামায়াত। বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবাইর।

বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ ও বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে দলের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়। পোস্টে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। তারা স্পষ্টভাবে জানাচ্ছে, এই পোস্ট বা কনটেন্ট জামায়াতের আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

ভুয়া খবর, জাল উদ্ধৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, ‘আমরা সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করছি, ভুয়া খবর, জাল উদ্ধৃতি এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন।’

মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা ও বিকৃত কনটেন্ট তৈরি–প্রচার আইনগতভাবে দণ্ডনীয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এগুলো নৈতিকভাবেও নিন্দনীয়। এগুলো গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।

বিবৃতিতে বলা হয়, সবার প্রতি অনুরোধ, শুধু অফিশিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করুন। যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার করবেন না। সন্দেহজনক বা বিভ্রান্তিকর কনটেন্ট দেখলে তা রিপোর্ট করুন। জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম স্বচ্ছ, ডিজিটাল নিরাপত্তা ও জনসাধারণের সঙ্গে যোগাযোগের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে পরবর্তী সময় আরও তথ্য জানানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন