শেষ হলো লায়ন ৩১৫ এ২ এর অক্টোবর সেবাপক্ষ ২০২৬
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম
লায়ন জেলা ৩১৫ এ২ আয়োজিত পক্ষকালব্যাপী ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ কর্মসূচি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০টিরও বেশি সেবামূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় দুই লাখ মানুষের কাছে বিভিন্ন ধরনের সেবা পৌঁছে দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন জেলা ৩১৫ এ২-এর গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারহানা শারমীন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক, গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল, এলসিআইএফ এরিয়া লিডার এ কে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরাম চেয়ারপার্সন লায়ন শফিকুল আজম ভূঁইয়া, আইপিডিজি লায়ন শংকর কুমার রায়, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মইন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান, পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট এনায়েতউল্লাহ শফিক, ক্যাবিনেট ট্রেজারার খাদিজা বিনতে মনির তিয়াশা এবং লিও জেলা ৩১৫ এ২-এর সভাপতি লিও শুভ্র দে সরকারসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারহানা শারমীন বলেন, মানবসেবায় লায়ন জেলা ৩১৫ এ২-এর অবদান প্রশংসনীয়। তিনি এ ধরনের কার্যক্রম আরও ব্যাপকভাবে প্রচারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সমাজসেবামূলক উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠান শেষে ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’-এ সর্বাধিক সেবামূলক কার্যক্রম পরিচালনাকারী ক্লাবগুলোর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।



