ড. ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৪:০৬ পিএম
ছবি- সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল। স্থানীয় সময় বুধবার (১১ জুন) সকালে লন্ডনের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, অধ্যাপক ইউনূস আজ রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে (চাথাম হাউস) একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
এই বৈঠকের পর চাথাম হাউজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েতিগজ বাজপেইয়ের সঙ্গে দেখা করবেন ড. মুহাম্মদ ইউনূস।
বিকেলে চাথাম হাউজের পক্ষ থেকে তার সম্মানে সংবর্ধনা আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় অধ্যাপক ইউনূস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে একটি নৈশভোজে যোগ দেবেন, যা দ্য কিংস ফাউন্ডেশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত।
আরএস/



