শপথে দেরির অভিযোগ ইশরাক হোসেনের, বললেন সরকার ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৮:১৩ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকলেও সরকার ইচ্ছাকৃতভাবে শপথ গ্রহণ প্রক্রিয়ায় বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও এখনও আমাকে মেয়র হিসেবে শপথ করানো হয়নি। এটি সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দেরি।”
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিচার বিভাগ নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অপপ্রচার চালাচ্ছে, যা আদালত অবমাননার শামিল। তিনি বলেন, “আদালতের রায়ের ভিত্তিতে আমরা এই ফলাফল পেয়েছি। সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেই গেজেট প্রকাশ হয়েছে। যারা এই রায়কে অবৈধ বলছেন, তাদের বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”
বিএনপির এই নেতা দাবি করেন, সরকারের ভেতরে একটি চক্র গড়ে উঠেছে যারা নিজেদের স্বার্থে কাজ করছে এবং জনগণের অধিকার নিয়ে খেলছে।
আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্যের জবাবে ইশরাক বলেন, “আইন উপদেষ্টা বলেছেন, তার মতামত না নিয়েই গেজেট প্রকাশ হয়েছে। অথচ ১০ কার্যদিবসের মধ্যে গেজেট প্রকাশের বিধান রয়েছে। তিনি সাড়া না দেওয়ায় নিয়ম অনুযায়ীই গেজেট প্রকাশ করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “আমি বিএনপির প্রার্থী হওয়ায় তারা আমার শপথ অনুষ্ঠান আটকে রেখেছে। তারা চায় তাদের পছন্দের প্রশাসক বসিয়ে দুর্নীতি ও লুটপাট অব্যাহত রাখতে।”
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে চলতি বছরের ২৭ মার্চ আদালতের রায়ে সেই ফলাফল বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হয়। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। কিন্তু এখনও পর্যন্ত তার শপথ গ্রহণের কোনো কার্যক্রম শুরু হয়নি।



