ইশরাককে শপথে বাধা দেওয়ার অভিযোগে সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৫, ০২:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে আয়োজিত লংমার্চ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবন থেকে শুরু হওয়া এই মিছিলটি গুলিস্তান, জিরো পয়েন্ট ও পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। বাধার মুখে মিছিলটি নগর ভবনের সামনে ফিরে আসে।
বিক্ষোভে অংশ নেওয়া সমর্থকরা অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই—এমন স্লোগান দিতে থাকেন। তারা অভিযোগ করেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে দেওয়া হচ্ছে না, যা জনগণের রায়ের সঙ্গে বেঈমানি।
এর আগে সকাল থেকেই নগর ভবনে অবস্থান নেন ইশরাক সমর্থকরা। বিক্ষোভের তৃতীয় দিনে তারা নগর ভবন অবরুদ্ধ করে রাখেন এবং সব গেট বন্ধ করে দেন। এতে নগর ভবনের কার্যক্রম সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে। কর্মকর্তারা অফিসে প্রবেশ করতে না পারায় সেবাপ্রার্থীরাও ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারীরা জানান, তারা নির্বাচন কমিশন ও সরকারের কাছে বারবার দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যতদিন না ইশরাক হোসেন শপথ নিচ্ছেন, ততদিন আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়ী হন। তবে চলতি বছরের ২৭ মার্চ স্থানীয় সরকার ট্রাইব্যুনাল তার বিজয় বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। পরবর্তীতে ২২ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়।
আদালতের রায়ের পরেও শপথ গ্রহণে বিলম্ব এবং প্রশাসনিক অচলাবস্থা ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে ঢাকার রাজনৈতিক মাঠ। লংমার্চে পুলিশের বাধা এবং নগর ভবন অবরোধ ইঙ্গিত দিচ্ছে, এই বিরোধ আরও ঘনীভূত হতে পারে। আন্দোলনকারীদের দাবির প্রতি সাড়া না এলে অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।



