ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:১৩ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে নগর ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়।
‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানারে অংশ নেওয়া বিভিন্ন ওয়ার্ডের মানুষ মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন। আন্দোলনকারীরা বলছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট সত্ত্বেও ইশরাক হোসেনকে শপথ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এ অবস্থায় তারা লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
অবস্থান কর্মসূচির কারণে গুলিস্তান মাজার এলাকা থেকে বঙ্গবাজারের দিকে দুই পাশের সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। কিন্তু ২০২৪ সালের ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে সেই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়। তবে এখনও শপথগ্রহণ বা দায়িত্ব হস্তান্তরের কোনো প্রক্রিয়া শুরু হয়নি, যা নিয়েই ক্ষোভে ফুঁসছে ইশরাকপন্থী নেতাকর্মীরা।



