Logo
Logo
×

জাতীয়

চট্টগ্রাম বন্দরই দেশের অর্থনীতির হৃদপিণ্ড : প্রধান উপদেষ্টা

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০১:১৪ পিএম

চট্টগ্রাম বন্দরই দেশের অর্থনীতির হৃদপিণ্ড : প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অর্থনীতিকে পরিবর্তনের পথে নিতে হলে চট্টগ্রাম বন্দরের উন্নয়নই প্রধান ভরসা। এই বন্দর বাদ দিয়ে অর্থনীতিকে নতুন অধ্যায়ে নেওয়ার কোনো সুযোগ নেই, বলেন তিনি।

বুধবার (১৪ মে) চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ প্রাঙ্গণে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড দুর্বল হলে শরীর যেমন চলে না, তেমনি বন্দর উন্নত না হলে অর্থনীতির গতি আসবে না।

ড. ইউনূস প্রশ্ন তোলেন, বিশ্ব বদলে যাচ্ছে, কিন্তু চট্টগ্রাম বন্দরের উন্নয়ন এত শ্লথ কেন? তিনি উল্লেখ করেন, যানজট, ট্রাকভর্তি সড়ক, ও পণ্য খালাসের জটিলতা এখনও বিদ্যমান। এসব নিয়ে বহুবার লেখালেখি করেছি। এখন দায়িত্বে থেকে পরিবর্তনের দিকে মনোযোগ দিয়েছি, বলেন তিনি।

সকালে প্রধান উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছান, যা ছিল দায়িত্ব নেওয়ার পর তার প্রথম চট্টগ্রাম সফর। ভূমিপুত্র হিসেবে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বন্দর পরিদর্শন শেষে তিনি সার্কিট হাউসে গিয়ে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। এছাড়া চট্টগ্রামের জলাবদ্ধতা ও অক্সিজেন-হাটহাজারী সড়ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য ২৩ একর জমির নিবন্ধিত দলিল হস্তান্তর করেন।

দুপুরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন, যেখানে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২২ হাজার ৬০০ শিক্ষার্থীকে সনদ ও ২২ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য ড. ইউনূসকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করে।

দিনশেষে তিনি নিজ গ্রামের বাড়ি, হাটহাজারীর বাথুয়া গ্রামে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সঙ্গে সময় কাটান। সন্ধ্যায় তার চট্টগ্রাম ত্যাগের কথা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন