আর্থনা সামিটে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:০৬ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির আমন্ত্রণে তিনি 'আর্থনা সামিট-২০২৫'-এ অংশ নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
আজাদ মজুমদার আরও জানান, সামিটে অংশগ্রহণের পাশাপাশি অধ্যাপক ইউনূসের কাতারের আমিরের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
এ সফরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের চারজন নারী ক্রীড়াবিদও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।
‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ শিরোনামে আয়োজিত 'আর্থনা সামিট'-এর দ্বিতীয় আসরে টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে কাতারের ঐতিহ্য ও ভৌগোলিক বৈচিত্র্যকে কাজে লাগানোর পরিকল্পনা তুলে ধরা হবে।
আগামী ২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী এই সম্মেলনে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের পথনির্দেশনা নিয়ে আলোচনা হবে।



