১৫ বছর পর ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
প্রায় ১৫ বছর পর ঢাকায় এলেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রসচিব। আজ বুধবার (১৫ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।
আগামীকাল ১৭ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন আমনা বালুচ। বৈঠক শেষে মধ্যাহ্নভোজ এবং সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন খাতে আলোচনা হবে। বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি, শিক্ষা, প্রতিরক্ষা, সংস্কৃতি, কৃষি, মৎস্য, খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে। পাশাপাশি, সার্ক, ওআইসি, ডি-৮ এর মতো প্ল্যাটফর্মে আঞ্চলিক সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় হবে।
৬ষ্ঠ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি ১৫ বছরের জট খুলতে পারে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অর্থনৈতিক কমিশনের পরবর্তী বৈঠক নিয়েও আলোচনা হতে পারে।
এদিকে, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের স্বাভাবিককরণে বাংলাদেশ আন্তরিক। তবে অমীমাংসিত ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয় ঢাকা। বাংলাদেশের দাবি, ১৯৭১ সালের গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, আটকে থাকা পাকিস্তানিদের প্রত্যাবাসন, যুদ্ধের ক্ষতিপূরণ এবং সম্পদের হিস্যা নিয়ে পাকিস্তান উদ্যোগ নিক।
আগামী দিনগুলোতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় সফর নিয়ে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। এই সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে বলে আশা করা হচ্ছে।



