Logo
Logo
×

জাতীয়

এক লাখ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন প্রধান উপদেষ্টা -জাতিসংঘ মহাসচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৫:৩১ পিএম

এক লাখ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন প্রধান উপদেষ্টা -জাতিসংঘ মহাসচিব

ছবি : সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে আসছেন। সফরের দ্বিতীয় দিন তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে এক লাখ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন তারা।

আজ বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব আগামীকাল বিকেল ৫টায় বাংলাদেশে পৌঁছাবেন। তিন দিনের এই সফরে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।

১৪ মার্চ সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন আন্তোনিও গুতেরেস। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। পরে তারা একসঙ্গে কক্সবাজারে রওনা হবেন এবং সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন।

কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে ইফতারের পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূস একটি মডেল মসজিদ উদ্বোধন করবেন।

প্রেস সচিব আরও জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের রাখাইন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। ড. মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেসের বৈঠকে এ বিষয়টি গুরুত্ব পাবে। রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা।

রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, জাতিসংঘ মহাসচিবের এই সফরের মাধ্যমে সহায়তা বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের সময় আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করেছিলেন। এটি তার দ্বিতীয় সফর। সফরের অংশ হিসেবে তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথেও বৈঠক করবেন এবং একটি প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন