মারা গেছেন বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবির নাতি বাবুল কাজী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম
কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী বিস্ফোরণে দগ্ধ হয়ে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে তার মৃত্যু হয়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
গত শনিবার ভোরে বনানীর বাসায় বিস্ফোরণে দগ্ধ হন তিনি। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের ৭৪ শতাংশ এবং শ্বাসনালী পুড়ে যায়। তার চিকিৎসার জন্য ১৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২৫ বছর বয়সে কলকাতায় প্রমীলা দেবীকে বিয়ে করেন। তাদের চার ছেলে ছিল, প্রথম দুই সন্তান খুব ছোট বয়সে মারা যায়। অপর দুই সন্তান কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ কেউই দীর্ঘজীবী হননি।
আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী, যার বয়স ছিল ৫৯ বছর। তার বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী; তারা সবাই বাংলাদেশের নাগরিক।



