Logo
Logo
×

জাতীয়

গণহত্যার ঘটনায় ভেটো ক্ষমতা সীমিতের উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

গণহত্যার ঘটনায় ভেটো ক্ষমতা সীমিতের উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

গণহত্যা ও ভয়াবহ নৃশংসতার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার ব্যবহার সীমিত করার লক্ষ্যে নেওয়া ফ্রান্স ও মেক্সিকোর যৌথ উদ্যোগে যুক্ত হওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার প্যারিসে দেশটির ইউরোপ ও পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।

বৈঠকে দুই মন্ত্রী কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

এ সময় ড. খলিলুর রহমান জানান, গণনৃশংসতার মতো গুরুতর পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স-মেক্সিকো উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে বাংলাদেশ।

এই উদ্যোগটির উদ্দেশ্য হলো- জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার মুহূর্তে যাতে নিরাপত্তা পরিষদ অচল বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে না পড়ে, সে লক্ষ্যে বড় ধরণের নৃশংসতার ঘটনার সময়ে স্বেচ্ছায় ভেটো ব্যবহারে সংযম বজায় রাখা।

মন্ত্রীদ্বয় উদ্যোগটিকে এগিয়ে নিতে এবং ব্যাপক আন্তর্জাতিক সমর্থন তৈরি করতে জাতিসংঘ সাধারণ পরিষদের মধ্যে নিজেদের প্রচেষ্টাকে কীভাবে সমন্বিত করা যায় তা নিয়েও আলোচনা করেন।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, রোহিঙ্গা পরিস্থিতি সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রবণতা (ইম্পিউনিটি) রোধে উভয় পক্ষই তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আলোচনাগুলোতে আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বহুপক্ষীয় পদক্ষেপ জোরদার করার বিষয়ে উভয় দেশের অভিন্ন আগ্রহ প্রতিফলিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ও ফ্রান্স অর্থনৈতিক বিষয়, সংস্কৃতি, একাডেমিক বিনিময় এবং টেকসই উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আগ্রহও ব্যক্ত করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন