Logo
Logo
×

জাতীয়

হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: জাহেদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: জাহেদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের উড়োজাহাজে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় বরং ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সকালে বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্স জানায়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফিরতে চান।

উপদেষ্টা জাহেদ বলেন, 'হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এই আলোচনা আমাদের সঙ্গে ভারতের। আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ আপনার (ভারত) ওখানে আছেন, যারা শুধু অভিযুক্ত না, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত। বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন।'

'সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, না তাদের (ভারতের) বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে,' বলেন তিনি।

'শেখ হাসিনা দেখানোর চেষ্টা করছেন যে তিনি আসলে অনেক কিছু, তার সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে,' যোগ করেন তিনি।

ভারতের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, 'আগে আমাদের শোনানো হতো যে বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। এই কথাটা ওইদিক থেকেও সত্য। আমরা যেমন পাল্টাতে পারি না, তারাও পারেন না। সুতরাং, আমাদের দুই দেশের পজিটিভলি এনগেজ হওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই।'

'আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমরা একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চাই। হাসিনা যদি এভাবে বাংলাদেশে আসতে না চান, হয়তো কোর্টে যাবেন। কোর্টে গিয়ে উনি বলার চেষ্টা করতে পারেন। কিন্তু তিনি তো আসতেই চান। সুতরাং, তার এখন আর কোর্টে যাওয়ার বা আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। সুতরাং তাকে প্রত্যর্পণ করে দিলেই হয়,' বলেন তিনি।

উপদেষ্টা জাহেদ আরও বলেন, 'ভারত তাকে জোর করে প্রত্যর্পণ করবে, ব্যাপারটা এরকম না। শেখ হাসিনা বলছে আমি যেতে চাই এবং বাংলাদেশ চাইছে তাকে প্রত্যর্পণ করা হোক—সুতরাং দুটো মিলে গেল। তাহলে এই দায় তো ওই সরকারের (ভারত) ওপর পড়ছে না। আর তার প্রত্যর্পণে আর কোনো আইনি ব্যারিয়ার আছে বলেও আমি মনে করি না।'

'তার (শেখ হাসিনা) খুব সহজ একটা বুদ্ধি আছে। ভারতকে বলতে পারেন আমাকে তুমি প্রত্যর্পণ করে দাও বাংলাদেশের হাতে। ব্যাস হয়ে গেল। তারপর দেখা যাক আমরা আসলে কি চাই না চাই,' যোগ করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন