দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দু’টি থানা ও দু’টি পৌরসভা গঠনের অনুমোদন দেয়া হয়েছে। সেই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দু’টি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরেরও অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। পাশাপাশি বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে।
এদিকে বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেয়া হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেয়া হয়েছে।
এ ছাড়াও লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। সেই সঙ্গে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে।
এর আগে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব করে স্থানীয় সরকার বিভাগ।



