ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর
যুগের চিন্তা ২৪ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। অন্যদিকে, যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন থাকতে হবে।
এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
বাণীতে তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা উদ্বেগজনক। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করতে পারে। এমনকি যথাযথ নিয়ন্ত্রণের অভাবে এ রোগ প্রাণঘাতী জটিলতারও সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, সময়মতো রোগ শনাক্ত করা, সঠিক চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি করা সরকারের অন্যতম অগ্রাধিকার। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপের পাশাপাশি সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, সরকার প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে সবাই সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি বলেও মন্তব্য করেন তিনি।
বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবার বিস্তার, গবেষণা এবং জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের মানুষের কাছে ডায়াবেটিস চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে সমিতির প্রচেষ্টা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে, যা দেশের জন্য গৌরবের বিষয়।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
বাণীর শেষাংশে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।



