Logo
Logo
×

জাতীয়

তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নগর অবকাঠামো শক্তিশালী করা, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার করেছেন ১০০টির বেশি দেশের নেতারা। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের দ্বিতীয় দিনে এসব উদ্যোগের ঘোষণা আসে।

সম্মেলনে দেশগুলো ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’-এ সমর্থন দিয়েছে। এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতের পরিচালনাগত জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমানো এবং ভবনে দক্ষ বিদ্যুতায়ন বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিশ্বের ছয়টি টেকসই ভবন প্রকল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু পদক্ষেপের সুফল মানুষের বসবাসের জায়গায় পৌঁছাতে হবে। নিরাপদ জনপদ, জ্বালানিসাশ্রয়ী বাড়ি ও শক্তিশালী অবকাঠামো গড়ে তোলাই এখন গুরুত্বপূর্ণ।

নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনায়ও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মের আওতায় প্রাথমিকভাবে ২০টি জেলায় বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও রিসাইক্লিং কার্যক্রম চালু হয়েছে। পর্যায়ক্রমে তা ১০০টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এদিকে সম্মেলনের বিজনেস ফোরামে প্রায় ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০-এর বেশি প্রধান নির্বাহী ও ব্যবসায়ী নেতা অংশ নেন। এদিন তুরস্ক ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রায় ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা গড়ে তোলা হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও বায়ুবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনেও সহযোগিতা করবে দুই দেশ।

জলবায়ু অভিযোজন ও শিল্পায়নে অর্থায়নের অংশ হিসেবে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্রকল্পে সর্বোচ্চ ২৫০ মিলিয়ন ডলার এবং পাঁচটি দেশ ও একটি অঞ্চলের অভিযোজন কার্যক্রমে সর্বোচ্চ ১৯০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।

সম্মেলনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর জলবায়ু সহনশীলতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এ অঞ্চলের দেশগুলোর নিজস্ব উদ্যোগে গঠিত প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটিতে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি এসেছে। মিন্ডেরু ফাউন্ডেশন প্রথম বেসরকারি দাতা হিসেবে ৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

কপ-৩১-এর আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন বলেন, জলবায়ু পরিবর্তন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সহজলভ্য অর্থায়ন ও দ্রুত বাস্তব পদক্ষেপ প্রয়োজন।

সম্মেলনে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরাও জ্বালানিসাশ্রয়ী ভবন, সাশ্রয়ী আবাসন এবং নগর সহনশীলতা বাড়াতে দেশগুলোর অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন