Logo
Logo
×

জাতীয়

ক্ষমতাচ্যুত আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

ক্ষমতাচ্যুত আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ঘটনাকে হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নাৎসি বাহিনী যেমন জার্মানিতে ফিরে এসে রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও আর বাংলাদেশে ফিরে রাজনীতি করার সুযোগ পাবে না।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আওয়ামী লীগের হরতালের সময় বাসে অগ্নিসংযোগের অতীত ঘটনাও তুলে ধরেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, হরতালের সময় বাস পোড়ানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস। তিনি স্মরণ করিয়ে দেন, সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগে তৎকালীন হোটেল শেরাটন, বর্তমানে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসির একটি দোতলা যাত্রীবাহী বাসে গানপাউডার নিক্ষেপ করা হয়েছিল। দাহ্য পদার্থের কারণে মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে যাত্রীরা বের হওয়ার সুযোগ পাননি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাসের ভেতরে থাকা যাত্রীরা আগুনে পুড়ে মারা যান। আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজও বাধাগ্রস্ত হয়েছিল। ওই ঘটনায় ঘটনাস্থলে অন্তত ৯ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে আরও দুজন মারা যান। এ ঘটনার স্বীকারোক্তি এখনো ইউটিউবে পাওয়া যায় বলেও দাবি করেন তিনি।

বিরোধী দলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানরত শেখ হাসিনা অডিও ও ভিডিও কলের মাধ্যমে দলীয় নেতাদের নির্দেশনা দিচ্ছেন। তার দাবি, জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি, তাদের বাড়িঘর ভাঙচুর এবং দেশে ফিরলে আন্দোলনকারীদের শাস্তি দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। তবে এমন সুযোগ আর তৈরি হবে না বলে মন্তব্য করেন তিনি।

নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনি ইশতেহারে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীও দেশে ফিরে প্রথম ভাষণে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছিলেন।

তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনোভাবেই দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না। তবে পরিস্থিতির প্রয়োজনে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না।

বিগত সরকারের আমলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন, অপহরণ ও গায়েবি মামলার পাশাপাশি জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব অপরাধের বিচার নিশ্চিত করতে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন