ঢাকা থেকে রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম
সৌদি আরবের রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে কোনো নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে না।
তবে সৌদি আরবের অন্যান্য গন্তব্যে ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে জাতীয় পতাকাবাহী এ সংস্থা। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের টিকিট, ফ্লাইট পুনঃনির্ধারণ এবং ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ সেলস সেন্টার বা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই রিয়াদ রুটে সাময়িকভাবে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



