দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৪৬৪ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৫ জন।
সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৬৪ জন সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন, যা দেশে চলমান সংক্রমণ পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের বিস্তার নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। পাশাপাশি শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।



