Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীর

Icon

বাসস

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বিশেষ করে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্কে পৌঁছেছেন। সফরের প্রথম দিনেই তিনি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

তিনি বলেন, ইস্তাম্বুলে যাত্রাবিরতির সময়ে তুরস্কের প্রেসিডেন্টের বিশেষ আতিথেয়তায় প্রধানমন্ত্রীকে ভিভিআইপি স্টেট গেস্ট হাউসে স্বাগত জানানো হয়। পরে আন্তালিয়ায় পৌঁছালে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তাকে অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন।

হুমায়ুন কবীর বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান বন্ধু ও ভাই’ হিসেবে সম্বোধন করেন। তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি খাতে অংশীদারত্ব, বিমান চলাচল খাতে বিনিয়োগ এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার দেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ খাতে তুরস্কের বিনিয়োগ এবং যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি, বিষয়টি প্রাথমিক অনুসন্ধান ও আলোচনা পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, জ্বালানি খাতে বিশেষ করে গভীর সমুদ্রে খনিজ ও জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং এ খাতে তুরস্কের অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে।বাংলাদেশ এসব খাতে তুরস্কের সঙ্গে শক্তিশালী বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন। বিশেষ করে চলতি নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে শুনানির পর কীভাবে যৌথ উদ্যোগ আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।

তিনি আরও বলেন, নিজ দেশে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছে। পাশাপাশি মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টিও বৈঠকে উঠে আসে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রেও বাংলাদেশ বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখতে চায়। বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ নয়, বরং এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং জলবায়ু অর্থায়ন সহজলভ্য করার দাবিতেও সক্রিয় ভূমিকা পালন করছে।

তিনি জানান, কপ-৩১ সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক সংলাপ ও অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেবেন এবং জলবায়ু অভিযোজন, অর্থায়ন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

হুমায়ুন কবীর বলেন, তুরস্কের প্রেসিডেন্ট কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের মধ্যে নির্বাচিত কয়েকজনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠক বাংলাদেশের প্রতি তুরস্কের বিশেষ আগ্রহ ও গুরুত্বের প্রতিফলন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনা নিয়েএগিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহও বাড়ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানবৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও তার সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ  প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধামমন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন