Logo
Logo
×

জাতীয়

শ্রমিকদের জন্য ছয় শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণ করবে সরকার

Icon

যুগের চিন্তা ২৪ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

শ্রমিকদের জন্য ছয় শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণ করবে সরকার

দেশের শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল স্থাপন করা হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যেই দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে প্রাথমিকভাবে ১০০ শয্যার করে হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতাল মূলত শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করবে।”

তারেক রহমান আরও বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সরকার কাজ করছে। শিল্পখাতের শ্রমিকদের জন্য মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করাও সেই প্রচেষ্টার অংশ।

সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের জ্বালানি, শিল্প ও স্বাস্থ্য খাতের বিভিন্ন দিকও তুলে ধরেন। তিনি বলেন, অতীতে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে দেশের নিজস্ব সম্পদের যথাযথ ব্যবহার বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে শিল্পায়ন ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতা তৈরি হয়েছিল।

তিনি দাবি করেন, গ্রামীণ জনগণের চিকিৎসাসেবা শক্তিশালী করতে এবং দেশের স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রধান শিল্পাঞ্চলে কর্মরত লাখো শ্রমিক বিশেষায়িত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন