রাজপথেই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: তারেক রহমান
যুগের চিন্তা ২৪ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে জাতীয় সংসদের সরকারদলীয় সভায় সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, “বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি। রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।”
সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় বিষয়টি আলোচনায় আসে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা সূত্রে জানা গেছে, বৈঠকে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উত্থাপিত হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বিদেশে অবস্থান করলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করবে।
সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদনটির আইনগত ভিত্তি রয়েছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন এবং এনআইডি-সংক্রান্ত বিধিবিধান বিবেচনায় নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর তার পক্ষ থেকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।



