পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। পাশাপাশি শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা বেতন নির্ধারণের দাবি জানানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব জমা দেন।
সভা শেষে শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার জানান, প্রস্তাবিত কাঠামো অনুযায়ী গ্রেড-১-এর শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার টাকা, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার টাকা এবং গ্রেড-৪-এর জন্য ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এছাড়া নতুন বা শিক্ষানবিস শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।
অন্যদিকে, মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাবনা জমা না দিয়ে অতিরিক্ত সময় চায়। পরে বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। এ সময়ের মধ্যেই মালিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে হবে।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। মালিকপক্ষ সময় চাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রস্তাব গ্রহণ করা হবে এবং পরবর্তী আলোচনায় তা বিবেচনা করা হবে।
তিনি আরও জানান, মজুরি নির্ধারণ প্রক্রিয়াকে বাস্তবসম্মত করতে বোর্ডের নিরপেক্ষ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে বিভিন্ন বিষয় বিশ্লেষণের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি বিশেষজ্ঞদের মতামতও গ্রহণ করতে পারবেন।
এছাড়া মজুরি চূড়ান্ত করার আগে পোশাক কারখানাগুলোর বাস্তব অবস্থা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। চলতি সপ্তাহেই বিভিন্ন কারখানা পরিদর্শন করা হবে।
সভা শুরুর আগে বিভিন্ন শ্রমিক সংগঠন মজুরি বৃদ্ধির দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেয়। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোট সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানায়।
উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভায় নতুন মজুরি কাঠামো ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়। সুপারিশ অনুমোদিত হলে আগামী বছর জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হতে পারে।
বর্তমানে দেশের তৈরি পোশাক খাতে সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বর মাসে সর্বশেষ মজুরি পুনর্নির্ধারণের সময় তা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।



