Logo
Logo
×

জাতীয়

আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি ও অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন থাকছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরের ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সেই সাংবিধানিক শর্ত পূরণেই এবারের অধিবেশন আহ্বান করা হয়েছে। গত ১৪ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহ্বান করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে ৫-৬টি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। জানুয়ারিতে পরের অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের সময় কম রাখা হয়েছে। অধিবেশনে নিয়মিত প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনাও অনুষ্ঠিত হবে।

এদিকে, অধিবেশনের কার্যক্রম ও সময়সূচি নির্ধারণে গত রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে সংসদ সদস্যদের পক্ষ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন। উপস্থিত সদস্যরা প্রস্তাবটি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন