প্রথম ধাপে ১০৫০ ইউনিয়নে ভোটের প্রস্তুতি
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম
দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এ পর্যায়ে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, প্রথম ধাপের ইউপি নির্বাচনে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রাধান্য দেওয়া হবে।
এদিকে ভবিষ্যতের কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, নির্বাচন কমিশনের বর্তমান পরিকল্পনায় ইভিএম ব্যবহারের সুযোগ রাখা হয়নি। তবে ইতোমধ্যে কেনা এবং অব্যবহৃত থাকা ইভিএমগুলোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আখতার আহমেদ আরও জানান, জাতীয় পরিচয়পত্র ও নাগরিক তথ্যভান্ডার আরও সমৃদ্ধ করতে ৬ বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য সংগ্রহের একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচন আয়োজন, ভোটার তথ্য হালনাগাদ এবং নির্বাচনী ব্যবস্থাপনা আধুনিকীকরণের বিভিন্ন বিষয় বর্তমানে কমিশনের বিবেচনায় রয়েছে।



