Logo
Logo
×

জাতীয়

গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে তিনি দেশের সব নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী দেশপ্রেমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময়ের রাজনৈতিক সংকট, অস্থিরতা ও নানা চ্যালেঞ্জের মধ্যে সিপাহি ও জনতার ঐক্যবদ্ধ উদ্যোগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা বাস্তবায়নে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। জাতীয় স্বার্থ, গণতন্ত্র, সাম্য, ন্যায্যতা ও সুশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র হয়েছে এবং গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত হয়েছে। তবে জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আবারও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে এগিয়ে যাচ্ছে।

তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুর্নীতি, বৈষম্য ও সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতির ভাষ্য, একটি নির্বাচিত সরকারের নেতৃত্বে দেশ বর্তমানে গণতান্ত্রিক পথে এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, সুশাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুসংহত করা প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতা ও জাতীয় ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন