হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩১৫
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম
দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চারজন, চট্টগ্রাম বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৪৪ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ১ হাজার ২৫১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় আরও ৬৪ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৬৮ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।



