দেশে ডেঙ্গুর পাশাপাশি হামের প্রকোপও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ২৯৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ অক্টোবর সকাল ৮টা থেকে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ৬৩ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
এ সময় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুইজন করে এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৫০৪ জন সন্দেহভাজন হাম রোগী পাওয়া গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৪৮ জন রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা হয়েছে ২৩ হাজার ৫৪১ জন।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৩৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে আক্রান্তদের একটি অংশ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসাসেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



