জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম
আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি উৎসর্গ করা ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস গড়ে তোলে এবং একটি সুস্থ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, অ্যাথলেটিক্সকে ক্রীড়ার জননী বলা হয়। একজন ক্রীড়াবিদের গতি, শক্তি, ক্ষিপ্রতা, সহনশীলতা ও শৃঙ্খলার প্রকৃত মূল্যায়ন হয় এই খেলায়। অ্যাথলেটিক্সের ভিত্তি শক্তিশালী হলে অন্যান্য খেলাতেও দেশের সাফল্যের সম্ভাবনা বাড়বে।
রাষ্ট্রপতি আরও বলেন, খেলাধুলা জাতীয় ঐক্য ও গৌরবের প্রতীক। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড্ডয়ন এবং বিজয়মঞ্চে জাতীয় সংগীত বাজা পুরো জাতির জন্য গর্বের বিষয়। তখন সবার পরিচয় একটাই, আমরা বাংলাদেশি।
তিনি দেশীয় প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের জন্য নিজেদের খেলোয়াড় তৈরি করতে হবে। তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খেলাধুলার উন্নয়নে স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স, প্রতিভা অন্বেষণ কর্মসূচি এবং জেলা পর্যায়ে আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করার কাজও শুরু হয়েছে।
রাষ্ট্রপতি অবৈধ দখলমুক্ত করে মাঠ সংরক্ষণ এবং নতুন খেলার মাঠ চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি নারী ক্রীড়াবিদদের সমান সুযোগ নিশ্চিত করা এবং আর্থিক কারণে কোনো প্রতিভা যেন ঝরে না পড়ে, সেজন্য স্কুল, কলেজ ও জেলা-উপজেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের তাগিদ দেন।
তিনি আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক, বীমা কোম্পানি ও ব্যবসায়ী মহলকে দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসারও আহ্বান জানান।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা থেকে ভবিষ্যতে অনেক মেধাবী অ্যাথলেট উঠে আসবে, যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন।
উদ্বোধনের আগে ৫৭টি দলের অংশগ্রহণে মার্চপাস্ট অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতার থিম সং পরিবেশন করা হয়। সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ ও সুমিতা রানী দাস গেমসের মশাল প্রজ্জ্বলন করেন।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি পুরুষ ও নারী বিভাগের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পদক তুলে দেন।



