Logo
Logo
×

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবগঠিত স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণ যাতে স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না।

সরকারের উন্নয়ন কর্মসূচির বিষয়ে মীর শাহে আলম বলেন, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং ফ্যামিলি কার্ড চালুর পাশাপাশি কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ চলছে এবং আগামী চার বছরের মধ্যে সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ধর্মীয় নেতাদের সহায়তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের জন্যও বেতন-ভাতার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সমাবেশে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে সরকারের অর্জন তুলে ধরেই ভবিষ্যতে আবার ভোট চাইবে বিএনপি।

এ সময় তিনি রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও বক্তব্য দেন এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন ত্বরান্বিত করতে জনপ্রতিনিধিদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ময়লা পরিবহন ভ্যান উদ্বোধন করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন