জাতীয় পতাকা ব্যবহারে বিধিমালা মেনে চলার নির্দেশ
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম
সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পতাকা ব্যবহারে বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সব সিনিয়র সচিব ও সচিবের কাছে চিঠি পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কিছু সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে এমন ব্যক্তিরা অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শন করছেন, যাদের এ ধরনের পতাকা ব্যবহারের আইনগত অধিকার নেই। অনেক ক্ষেত্রে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে জাতীয় পতাকা স্থাপন করেও প্রদর্শন করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ উল্লেখ করেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী মোটরযান, জলযান ও বিমান ছাড়া জাতীয় পতাকা কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রদর্শনের নিয়ম রয়েছে। কিন্তু কিছু প্রতিষ্ঠানে দিন-রাত সার্বক্ষণিকভাবে পতাকা উত্তোলিত রাখার ঘটনাও নজরে এসেছে।
এ ছাড়া জাতীয় পতাকার নির্ধারিত আকার, অনুপাত ও রঙের মান বজায় না রেখে অফিসকক্ষের সজ্জা, অলংকরণ কিংবা ব্যক্তিগত ও দাপ্তরিক পটভূমি হিসেবে ব্যবহারের ঘটনাও চিহ্নিত হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ, ১৯৭২ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর পরিপন্থী।
জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে অধীনস্থ প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং বিধিমালা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।



