ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ৬ লেন করার পরিকল্পনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম
সম্প্রতি ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রজেক্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই লাইনটি বাদ দিয়ে একে ছয় লেনে উন্নীত করে মহাসড়কে রূপ দেয়ার কথা বলা হয়েছে নতুন পরিকল্পনায়।
এর আগে, সড়ক ও উড়াল সড়ক মিলে রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত ২০ কিলোমিটার পথে যানজটের দীর্ঘসূত্রিতা অনিয়ম ও ভোগান্তি কমাতে বিশেষ বাস সেবা চালু করতে ২০২২ সালে বিআরটি প্রকল্প হাতে নেয় সরকার; যার নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে। তবে, ১৪ বছরের উন্নয়ন ভোগান্তি পোহানোর পর সরকারের এমন সিদ্ধান্ত শুনতে পেলেন স্থানীয়রা।
প্রকল্পটির কার্যক্রম ও সফলতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিশেষজ্ঞরা বলছেন, প্রজেক্ট বাতিলের পর ৯৬ শতাংশ অবকাঠামো ঠিক রেখে ছয় লেনের মহাসড়ক করা হলে বাড়তি খরচে খুব বেশি ক্ষতি হবে না সরকারের।
বাংলাদেশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের প্রফেসর ড. শামসুল হক বলেন, এই প্রজেক্টটিকে বাঁচিয়ে রাখলে জনগণও খুশি হতো না, এবং পেপারেরও কিন্তু বড় বড় হেডলাইন হতো—ন্যাড়া কয়বার বেলতলায় যায়। সুতরাং, সরকারের এই সিদ্ধান্তটিকে আমি সাধুবাদ জানাই এবং এটি একটা উইন উইন সিচুয়েশন হয়েছে।
গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটারের করিডরকে উন্নয়ন পরিকল্পনার খন্ডিত অংশ বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ড. শামসুল হক বলেন, এখানে প্রচুর কাজ বাকি রয়ে গিয়েছিল এবং এটি যদি সরকার খরচও করে কোনো ফাংশনাল বিআরটি হবে না, খণ্ডিত বিআরটি হবে। খণ্ডিত বিআরটি দিয়ে ওই এলাকার মানুষকে যে সেবা দেয়ার কথা ছিল, তা কখনো সফল হবে না।
দেশের প্রথম বিআরটি প্রজেক্ট বাতিল হওয়ায় এর কর্মপরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতি এড়াতে মেগা প্রজেক্টসহ সব উন্নয়ন কর্মসূচিতে আরও সতর্ক থাকার তাগিদ দেন বিশেষজ্ঞরা।



