ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পিএম
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের মূল অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বিশেষ বাণীতে দেশের সনাতন ধর্মাবলম্বীসহ বিশ্বজুড়ে থাকা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, "ধর্ম যার যার—রাষ্ট্র সবার। ঠিক একইভাবে ধর্ম যার যার—নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় আমাদের বহুমাত্রিক সমাজ এবং জীবনবোধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক।"
সনাতন ধর্মীয় বিশ্বাস উল্লেখ করে তিনি বলেন, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গার স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আগমন, ভক্তদের কল্যাণ সাধন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবকে এক অনন্য তাৎপর্য দিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, আবহমানকাল ধরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবের মধ্য দিয়েই প্রকাশ পায় বাংলাদেশিদের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য মন্তব্য করে তিনি বলেন, নিজ নিজ ধর্মীয় সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব।
দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট টেনে প্রধানমন্ত্রী বলেন, "হাজারো প্রাণের বিনিময়ে দুঃশাসনের অবসানের পর এবার বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে শুরু হয়েছে দেশ পুনর্গঠনের এক বিশাল কর্মযজ্ঞ।"
দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন যে, তারা যেন সারা দেশে সম্পূর্ণ নিশ্চিন্তে, নিরাপদে এবং উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পূজার আনন্দ উদযাপন করেন।



