সৌদি আরবের বিমানবন্দরে হামলায় ঢাকা রুটে ১০৭ ফ্লাইট ব্যাহত
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক হামলার জের ধরে সেখানে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করায় প্রভাব পড়েছে ঢাকা-সৌদি আরব রুটের ফ্লাইট চলাচলে। উদ্ভূত পরিস্থিতিতে এ পর্যন্ত মোট ১০৭টি ফ্লাইট ব্যাহত বা বাতিল করা হয়েছে। ফলে প্রায় ১৬ হাজার ৬২০ জন যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্যে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
সরাসরি ফ্লাইট ব্যাহত:
সরাসরি পরিচালনা করা ফ্লাইটগুলোর মধ্যে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট ব্যাহত হয়েছে।
ট্রানজিট ফ্লাইটে প্রভাব:
বিভিন্ন দেশের ট্রানজিট রুটের ফ্লাইটগুলোর মধ্যে চরম সূচি বিপর্যয়ে পড়েছে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগো (২২টি ফ্লাইট)। এছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৪টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফ্লাইট বাতিলের কারণে সৌদি আরবগামী প্রবাসী কর্মী ও ওমরাহযাত্রীসহ দেশে ফেরার অপেক্ষায় থাকা হাজার হাজার যাত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে বিড়ম্বনায় পড়েছেন। একই সঙ্গে ট্রানজিট ফ্লাইট ব্যাহত হওয়ায় বিকল্প রুটে গন্তব্যে পৌঁছানোর পথও জটিল হয়ে পড়েছে।
বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এয়ারলাইনসগুলোর সঙ্গে আলোচনা করে ফ্লাইট সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং সৌদি কর্তৃপক্ষের বিধিনিষেধ শিথিল করার ওপরই ফ্লাইট চলাচল নিয়মিত হওয়া নির্ভর করছে।



