দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন ২ লাখ ১২ হাজার আনসার সদস্য
যুগের চিন্তা ২৪ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ২ লাখ ১২ হাজার ১১৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি জানান, এ বছর সারা দেশে ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯১৪টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব মণ্ডপে আটজন করে এবং অন্যান্য সাধারণ মণ্ডপে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
মহাপরিচালক বলেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তার পাশাপাশি ১০৪টি স্ট্রাইকিং পেট্রোল মোতায়েন থাকবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত সাড়া দেওয়া এবং বিভিন্ন মণ্ডপের মধ্যে সমন্বয় রক্ষায় এসব টহল দল কাজ করবে।
তিনি আরও জানান, গত বছরের মতো এবারও ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে। এই অ্যাপে প্রায় ৬৬ হাজার সদস্য নিবন্ধিত থাকবেন। কোনো ঘটনা ঘটলে দ্রুত তথ্য আদান-প্রদান এবং পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাৎক্ষণিক সমন্বয় করা সম্ভব হবে।
আনসার মহাপরিচালক বলেন, দায়িত্বে থাকা সদস্যদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। কোথাও কোনো অনিয়ম বা দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
দুর্গাপূজায় দায়িত্ব পালনকারী সদস্যদের ভাতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে একজন সদস্য দৈনিক প্রায় ৪৫০ থেকে ৫০০ টাকা ভাতা পান। তাদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
এছাড়া পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী সদস্যদের খাবারসহ প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের কথাও জানান তিনি।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, গুজব, উত্তেজনা বা গণজমায়েতের মতো পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা প্রস্তুত থাকবে।
উল্লেখ্য, আগামী ১৬ থেকে ২১ অক্টোবর সারা দেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। উৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে।



