Logo
Logo
×

জাতীয়

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৭৩

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৭৩

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ২৭৩ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে একজন, সিলেট বিভাগে তিনজন, খুলনা বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৫৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জন।

একই সময়ে পরীক্ষায় আরও ৯৩ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এতে চলতি বছরে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪২১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহে ১ লাখ ৮২ হাজার ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসাসেবা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন