দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সর্বশেষ মৃত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। মৃতদের মধ্যে ৫১ দশমিক ৯ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ১ শতাংশ পুরুষ।
নতুন শনাক্ত রোগীদের যুক্ত করে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ হাজার ৮২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৯ হাজার ৩৮০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে, মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। তবে জুলাই থেকে পরিস্থিতি দ্রুত অবনতি হতে শুরু করে। জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন ডেঙ্গুতে মারা যান। চলতি অক্টোবরের প্রথম ১০ দিনেই প্রাণ হারিয়েছেন ৫৪ জন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, যেখানে প্রাণ হারিয়েছেন ৮০ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৩৬ জন। এছাড়া খুলনা বিভাগে ৬১ জন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২৬ জন করে, ময়মনসিংহে ২৩ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ছয়জন এবং সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে।
চলতি অক্টোবর মাসেই এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৪৬২ জন। এর আগে সেপ্টেম্বরে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন রোগী।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। একই সঙ্গে জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।



