Logo
Logo
×

জাতীয়

প্রশ্নফাঁসে বাতিল যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পিএম

প্রশ্নফাঁসে বাতিল যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে নতুন সময়সূচি জানানো হবে।

শনিবার (১০ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও নিয়োগ কমিটির আহ্বায়ক ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১১টায় প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নজরে আসায় পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষার নতুন তারিখ হিসেবে ১৬ অক্টোবর বিকেল ৩টা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

এর আগে শনিবার সকাল ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও পরীক্ষাকেন্দ্রে ওএমআর শিট বিতরণের প্রায় দুই মিনিট পর পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় এসে পরীক্ষায় অংশ নিতে যাওয়া চাকরিপ্রার্থীরা আকস্মিক এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন।

পরীক্ষা বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর মতিঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও সাত মসজিদ রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে নেমে তাৎক্ষণিক বিক্ষোভ করেন তাঁরা।

যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমান জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে প্রকৃত প্রশ্নপত্রের কিছু অংশের মিল পাওয়া গেছে। এ কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদটি ১১তম গ্রেডের। এ পদে ২৪২ জন নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বিপরীতে আবেদন করেছেন প্রায় তিন লাখ প্রার্থী। সে হিসাবে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ১ হাজার ২৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন